আগামী ঈদুল আজহায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে থাকেন।
সম্প্রতি ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। আগামী ঈদুল আজহা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। তবে এজন্য নতুন করে ২২৯ কোটি টাকা বরাদ্দ না দিয়ে চলতি অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন খাতে বরাদ্দের অর্থ থেকে ২২৯ কোটি টাকা সংকুলানের নির্দেশনা দেয় অর্থ বিভাগ। চলতি অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অনুকূলে নতুন স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী জুনের মধ্যে নতুন করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কোনো পরিকল্পনা না থাকায় এই টাকা অব্যয়িত থেকে যাবে, যা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়তি বোনাস দেওয়ার ক্ষেত্রে ব্যয় করা যাবে। এমপিওভুক্ত অনেক মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সরকারিকরণ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এখন রাজস্ব খাত থেকে বেতন-ভাতা পাচ্ছেন। ফলে চলতি অর্থবছরের বাজেটে এমপিওভুক্ত মাধ্যমিক ও কলেজ শিক্ষকদের বেতন-ভাতা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে ১৭৯ কোটি টাকা সাশ্রয় হবে। এ অর্থ আগামী ঈদুল আজহায় এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস দ্বিগুণ করার ক্ষেত্রে ব্যয় করা হবে