গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা মেরে দিয়েছেন শিক্ষার্থীরা।
এর ফলে ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। আসন্ন গুচ্ছভিত্তিক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে প্রকাশিত সরকারি গেজেট প্রত্যাখ্যান করে নতুন নামকরণের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
১৭ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন এবং মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। এর পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ।
তবে যথাযথ আশ্বাস না পেয়ে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা রেল অবরোধ করতে বাধ্য হন। সেদিন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আক্তার তিন সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন।
তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় ৮ এপ্রিল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন।
এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৩ এপ্রিল প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব শিক্ষার্থীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে জানান, বিশ্ববিদ্যালয়ের নামে ‘গাজীপুর’ থাকবে না এবং ‘ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটিও মৌলিকভাবে ভুল ধারণার প্রতিফলন।